১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ-৪: ব্রহ্মপুত্রে নৌকা ভাসিয়ে শান্তর প্রচার শুরু

নির্বাচনের মাঠে বিএনপি না থাকায় আর কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 11:49 PM

Updated : 18 Dec 2023, 11:49 PM

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত। ব্যতিক্রম আয়োজনে ব্রহ্মপুত্রের শান্ত জলে ভাসা নৌকায় অতিথি হন কৃষক, জেলে, কুমার, কামার, মুক্তিযোদ্ধা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, পুরোহিত, মসজিদের ইমাম।

‘সাহসী নৌকায় দিন বদলের গীত’ শ্লোগানে ‘নদীর দুই পাড়ের মানুষ’ এর ব্যানারে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। আয়োজনে যোগ দিয়ে মোহিত উর রহমান শান্ত কণ্ঠ মেলান গানে, চান নৌকায় ভোট। 

সোমবার দুপুরে দলীয় প্রতীক হাতে পেয়ে মোহিত উর রহমান শান্ত ছুটে যান ব্রহ্মপুত্রের পাড়ে। শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ফুডপার্কের সামনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। নৌকার মঞ্চে গিয়ে নানা রঙে কাগজের শত নৌকা ভাসানো হয়।

এ সময় মোহিত উর রহমান শান্ত বলেন, “এই শহরটি আজ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। শহরের যানজট নিয়ে কাজ করা হবে। এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ ও রেললাইন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। 

শান্ত বলেন, “আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা মার্কায় দাঁড়িয়েছি। এই মার্কার প্রতি বাঙালির আবেগ জড়িয়ে আছে।”

নির্বাচনের মাঠে বিএনপি না থাকায় আর কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি।