২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাগরে ভাসমান ইঞ্জিন বিকল ট্রলার ২১ জেলেসহ উদ্ধার

২০ মে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়; এরপর ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2023, 07:58 PM

Updated : 31 May 2023, 08:17 PM

কক্সবাজারের অদূরে গভীর সাগরে ভাসমান একটি মাছধরা ট্রলার ২১ জন জেলেসহ উদ্ধার করেছে কোস্ট গার্ড, যেটা দশদিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান ছিল। 

বুধবার দুপুরে সৈকত থেকে ১০ নটিক্যাল মাইল দূরে সাগরে এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল্লাহিল মাজিদ জানান। 

উদ্ধার হওয়া ২১ জেলে ভোলার মনপুরা উপজেলার বাসিন্দা এবং একই এলাকার এক ব্যক্তির মালিকানাধীন ‘এফভি জুনায়েদ’ নামের ট্রলারের জেলে। 

উদ্ধার হওয়া জেলেদের বরাতে লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল্লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে মনপুরা থেকে ২১ জেলে এফভি জুনায়েদ নামের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। এক পর্যায়ে গত ২০ মে গভীর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি সাগরের জনশূন্য এলাকায় ভাসতে থাকে। 

তিনি জানান, ভাসতে ভাসতে মঙ্গলবার বিকালে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূরবর্তী এলাকায় পৌঁছলে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এতে ওই ট্রলারের জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন। 

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি তিনি। তারপরও খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে। 

লুৎফুল্লাহিল মাজিদ আরও বলেন, বুধবার দুপুরে কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ 'সবুজ বাংলা' দুর্ঘটনাকবলিত ট্রলারটিকে গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়। 

“উদ্ধার জেলেরা জানিয়েছেন, এফভি জুনায়েদের জেলে ৫ দিনের জন্য জ্বালানি ও খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে সাগরে মাছ ধরতে যান; কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে মজুদ খাবার ও জ্বালানি শেষ হয়ে যাওয়ায় জেলেরা দুঃশ্চিন্তায় পড়ে যান।” 

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, গভীর সাগরে দুর্ঘটনাকবলিত ট্রলারটির জেলেদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে বিকাল সোয়া ৫টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। 

উদ্ধার হওয়া জেলেদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কোস্ট গার্ড কর্মকর্তা।