১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্বজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সাথে গোসলে নামার পর ডুবে যায় সিয়াম৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 12:03 PM

Updated : 01 Jul 2023, 12:03 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷

শনিবার সকাল ৯টার দিকে অলিপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁ স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার৷

নিহত মো. সিয়াম (১৫) সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে৷

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ কিশোরের স্বজনরা জানান, শুক্রবার উপজেলার অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সাথে গোসলে নামে সিয়াম৷ বেলা ১২টার দিকে সে নদের পানিতে তলিয়ে গিয়ে নিখৌঁজ হয়৷

বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্বজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷

স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, খবর পেয়ে শুক্রবার বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে৷ তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত পাঁচ ঘণ্টার চেষ্টাতেও নিখোঁজ কিশোরের কোন খোঁজ মেলেনি৷

পরে শনিবার সকাল ৮টায় পুনরায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস৷ এক পর্যায়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়৷

নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সুজন কুমার৷