Published : 11 Oct 2022, 09:49 PM
সুপ্রিম কোর্টের নির্দেশে নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্বাচন স্থগিত করে মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান।
এর আগে এক চেয়ারম্যান প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারক।
আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুর আবেদনের ওপর শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম নির্বাচন স্থগিতের আদেশ দেন। বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৭ অক্টোবর শুনানির জন্য রাখা হয়েছে।
চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ২৬ সেপ্টেম্বর হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপরও একই দিনে শুনানি হবে আপিল বিভাগে।
ঋণখেলাপের অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তখন নির্বাচন কর্মকর্তারা জানিয়েছিলেন, একটি ব্যাংক থেকে টিটু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পরে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন টিটু। সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাই কোর্টে যান।
তার আবেদনের ওপর শুনানি করে ২৬ সেপ্টেম্বর টিটুর মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীদের প্রতীক বরাদ্দের নির্দেশ দেয় হাই কোর্ট। একইসঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
ওই আদেশে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২৭ সেপ্টেম্বর শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার বিচারক। ওই সময়ের মধ্যে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নোয়াখালীর জেলা পরিষদ নির্বাচন স্থগিত
আটকে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
২৭ সেপ্টেম্বরেই সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে রিট করলে শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক ব্যক্তি ওই রিট করেছিলেন।
নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ ছাড়া আগামী ১৭ অক্টোবর সারা দেশে জেলা পরিষদের নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।