২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 06:43 PM

Updated : 23 Sep 2026, 06:43 PM

সরকারের এখন আর জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পরিকল্পনা নেই; বরং পরিস্থিতি অনুকূলে এলে এবং সুযোগ থাকলে দাম কমানো হবে বলে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তিন দিনের মাথায় ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে তিনি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি আশাবাদী, যুদ্ধ থেমে যাবে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হবে। আমাদের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ পেলে জ্বালানি তেলের মূল্য ইনশাল্লাহ কমবে।”

তিনি বলেন, “আমদানি করা জ্বালানি বাইরের দেশে পাচার হয়ে যাবে- এটা কোনোভাবেই কাম্য নয়। তার পরিপ্রেক্ষিতেই সরকারকে বাধ্য হয়ে, সামনে কোনো বিকল্প না থাকবার কারণেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। এটি পার্শ্ববর্তী সব দেশের তুলনায় এখনও পর্যন্ত অনেক কম।

“আমরা আশ্বস্ত করছি, মধ্যপ্রাচ্যের সংকট যদি কেটে যায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হওয়া মাত্রই আমরা আবার জ্বালানি তেলের মূল্য পুনরায় সমন্বয় করব। যাতে আগে যেখানে ছিল জ্বালানি তেলের মূল্য; সুযোগ থাকলে তার থেকেও কম মূল্য নির্ধারণ করার।”

প্রতিমন্ত্রী বলেন, “পার্শ্ববর্তী দেশের থেকে ডিজেলেই মূল্যের পার্থক্য ছিল ১৫ টাকা প্রতি লিটার। এটাই বাস্তবতা, যখন পাশাপাশি দুটি দেশের মধ্যে একটি জ্বালানি তেল যার চাহিদা এত ব্যাপক, যখন মূল্যের এইরকম বড় ধরনের পার্থক্য থাকবে, এটা স্বাভাবিকভাবে পাচার হবে। এটার পাচার রোধ করা অত্যন্ত কঠিনতম একটা কাজ এবং সে কারণেই বাধ্য হয়ে এটা করতে হয়েছে।”