কিছু মানুষ দেশকে পিছিয়ে রাখতে চায়: জনপ্রশাসনমন্ত্রী
“দেশের স্কুল পর্যায়ে স্থাপিত প্রতিটি কম্পিউটার ল্যাবকে আরও সক্রিয় করতে পদক্ষেপ নেওয়া হবে।”
কিছু মানুষ ভুল প্রচারণা এবং ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ।
তিনি বলেন, “যারা ’৭১ এ ষড়যন্ত্র করেছে এখনও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারপরও দুর্বার গতিতে সব সেক্টরে এগিয়ে চলছে দেশ।”
রোববার সকালে মেহেরপুরের মুজিবনগর অডিটোরিয়ামে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাসে আত্মপ্রত্যয়ী হতে হবে। ইন্টারনেট কম্পিউটার ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।
“কারণ এরাই ভবিষ্যৎ বাংলাদেশ। ইন্টারনেট চর্চা বৃদ্ধি না করলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। তাই দেশের স্কুল পর্যায়ে স্থাপিত প্রতিটি কম্পিউটার ল্যাবকে আরও সক্রিয় করতে পদক্ষেপ নেওয়া হবে।”
একই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “১৫ বছর আগে দেশে ইন্টারনেটের প্রতি এমবিপিএস এর মূল্য ছিল ৭৫ হাজার টাকা। এখন সেই ইন্টারনেটের প্রতি এমবিপিএস মূল্য ৫০ পয়সা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশে ইন্টারনেট নির্ভর একটি দক্ষ জনশক্তি গড়ে উঠেছে।”
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “সেই কারণে কোভিড মহামারীতে কোরবানির সময়ে অনলাইনে ৩ লাখ ৮২ হাজার পশু বেচাকেনা করে দুই হাজার ৭০০ কোটি টাকা আয় হয়েছে।”
এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেহেরপুর ডাকঘরের নতুন ভবনের উদ্বোধন করেন। মেহেরপুর উপজেলা চত্বরে নির্মিত ডিজিটাল ‘জয় নেট সেন্টার’ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
পরে তিনি মুজিবনগর অডিটোরিয়ামে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৫৫৫ জন শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পৌঁছে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয় ও ডাকঘর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
