১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে লিটন চৌধুরী সেতু : ভোগান্তির অবসান ৩ ইউনিয়নের মানুষের

৯৭ কোটি ৫০ লাখ টাকা খরচে নির্মিত লিটন চৌধুরী সেতুটির দৈর্ঘ্য ৫৫০ মিটার, প্রস্থ ৯.৮০ মিটার।

শিবচরে লিটন চৌধুরী সেতু : ভোগান্তির অবসান ৩ ইউনিয়নের মানুষের

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত লিটন চৌধুরী সেতু।

রিপনচন্দ্র মল্লিক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 12:23 PM

Updated : 05 Nov 2023, 12:23 PM

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ওপর ‘লিটন চৌধুরী সেতু’ খুলে দেওয়ায় বহু যুগের জনদুর্ভোগের অবসান হয়েছে শিবচর উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের।

এখন মাত্র ১৫ মিনিটেই এই সেতু পার হয়ে উপজেলা সদরে পৌঁছাতে পারবেন শিরুয়াইল, নিলখী ও দত্তপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকাসহ আশেপাশের এলাকার কয়েক লাখ মানুষ।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উদ্বোধনের পর শনিবার বিকালে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ায় এই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

উৎরাইল ইউনিয়নের স্কুল শিক্ষক ইমতিয়াজ আহমেদ বলেন, “শিক্ষকতা করার জন্য প্রায়ই আমাকে বিভিন্ন কাজে উপজেলা সদরে আসতে হয়। আগে সড়ক পথে সূর্যনগর হয়ে পাচ্চর ঘুরে উপজেলা সদরে যেতাম। এখন সেতু হয়ে যাওয়ায় মাত্র ১৫ মিনিটেই যাওয়া আসা করা যাবে। “

তিনি আরও বলেন, “সেতুটি নির্মাণে আমাদের অনেক বড় উপকার হয়েছে। কয়েক লাখ মানুষ বহু বছরের জনদুর্ভোগ থেকে যোগাযোগ ব্যবস্থার নতুন যুগে প্রবেশ করল।”

সেতু নির্মাণের জন্য সরকার ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ধন্যবাদ এই শিক্ষক।

দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক বলে, “দীর্ঘদিন ধরে আমরা শিবচরে যেতে চরম ভোগান্তির শিকার হয়েছি। আগে কেউ অসুস্থ হয়ে পড়লেও দ্রুত হাসপাতালে যেতে পারতাম না। নদী পার হতে গিয়ে ট্রলার সঠিক সময় পাওয়া যেতো না।

Image

শনিবার বিকালে সেতুটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

“সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এসব ভোগান্তি দূর হইল। এই সেতু আমাদের জন্য একটি আশীর্বাদ।”

স্থানীয় বাসিন্দা মিলি বলেন, “আগে একজন গর্ভবতী নারীকে আমরা অনেক কষ্টে উপজেলায় নিয়ে যেতাম। সে কষ্ট আর বলে শেষ করতে পারব না। সরকারকে ধন্যবাদ, আমাদের একটি সেতু করে দিয়েছেন।”

সংশ্লিষ্টরা জানান, এই সেতু চালুর মাধ্যমে শিবচর উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন ইউনিয়নগুলোর সাথে সরাসরি সড়ক পথের যোগাযোগ তৈরি হয়েছে। এর ফলে নদী পাড়ের এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবেও বলে মনে করেন তারা।

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা খরচে নির্মিত লিটন চৌধুরী সেতুটির দৈর্ঘ্য ৫৫০ মিটার, প্রস্থ ৯.৮০ মিটার, ব্রিজের ক্যারিজওয়ে ৭.৩০ মিটার, ফুটপাত ১.২৫ মিটার।

সেতুটিতে স্প্যান রয়েছে ১১টি, গার্ডারের সংখ্যা ৪৪টি, লাইট পোস্ট রয়েছে ৪৬ টি। ২.৪০ মিটার উচ্চতার এই সেতুর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৬১০ মিটার।

সেতুটির নির্মাণ কাজ করেছে মাদারীপুর জেলার স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন বাঁশি ও হামিম ইন্টারন্যাশনাল।

মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ২০১৮ সালের অক্টোবর মাসের শেষের দিকে সেতুটির ভিত্তিপ্রস্তর করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। শনিবার তিনিই সেতুটির উদ্বোধন করেছেন।

“সেতুটি সবার জন্য খুলে দেওয়ার এই অঞ্চলের মানুষের জীবন মানের ব্যাপক পরিবর্তন ঘটবে বলে আমরা আশা করছি”, বলেন এই প্রকৌশলী।