২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বিজিবির

ঈদকে সামনে রেখে জয়পুরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আনা বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 11:52 PM

Updated : 25 Jun 2023, 11:52 PM

কোরবানির ঈদ ঘিরে জয়পুরহাট সীমান্ত দিয়ে পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি। 

সেইসঙ্গে সীমান্তে বাড়তি সদস্য মোতায়েন ও নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম। 

বিজিবি জানায়, বাংলাদেশের চেয়ে ভারতে পশুর চামড়ার দাম তুলনামূলক বেশি। সীমান্তে কঠোর নিরাপত্তা সত্বেও এক শ্রেণির অসাধু ব্যক্তি ভারতে চামড়া পাচার করে। 

কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবেই ভারতে পাচার হতে না পারে, সে জন্য জয়পুরহাট সীমান্তে কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ শুরু করেছে বিজিবি। 

চামড়া পাচার রোধে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, জয়পুরহাটের-২০ বিজিবি নিয়ন্ত্রণাধীন ৪১ কিলোমিটারের মধ্যে জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি সীমান্তের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও অরক্ষিত এলাকাসহ সীমান্তজুড়ে বিশেষ সর্তকতা নেওয়া হয়েছে। 

“ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আসা বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সীমান্তের চোরাই পথে চামড়া যাতে কোনোভাবে পাচার হতে না পারে, সেজন্য বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।” 

সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি ও পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে; যাতে দিনে কিংবা রাতে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হয় বলে জানান এ বিজিবি কর্মকর্তা।