Published : 19 Dec 2023, 12:19 PM
নাটোরে সদরে সার বোঝাই ট্রাক উল্টে এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চালকের সহকারী।
সোমবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ।
নিহত ফয়সাল ইসলাম সেলিম (৬০) ঝিনাইদহের মহেশখালীর জলিলপুর এলাকার আবু তাহেরের ছেলে। আহত সহকারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মাসুদ বলেন, সারের বস্তা বোঝাই ট্রাকটি বগুড়া যাওয়ার পথে ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে চালক ও হেলপার দুজনেই আহত হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা নিয়ে চালকের সহকারী সকালেই ঝিনাইদহ চলে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ের ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।