১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত-পাথর মারায় মহিলা পরিষদের প্রতিবাদ

ওই নারীকে এক মাস ঘর থেকে বের না হতেও বলা হয়।

হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত-পাথর মারায় মহিলা পরিষদের প্রতিবাদ

মহিলা পরিষদ সিলেট জেলা শাখা আয়োজিত মানববন্ধন  

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 07:40 PM

Updated : 12 Apr 2023, 07:40 PM

হবিগঞ্জের চুনারুঘাটে সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে মহিলা পরিষদ সিলেট জেলা শাখা।   

বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। 

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে অটোরিকশা চালকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ৩ এপ্রিল ওমান প্রবাসীর স্ত্রীকে গ্রাম্য সালিশের মাধ্যমে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করা হয়। 

বেত্রাঘাতের পর সালিশে ওই নারীকে এক মাস ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়।

স্ত্রীর নির্যাতনের খবর পেয়ে ওমান প্রবাসী স্বামী দেশে ফেরেন।

গত শুক্রবার ওই নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেন। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ ঘটনায় বুধবার সিলেটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, মহিলা পরিষদ সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য নাসরীন সুলতানা লাকী ও মুক্তা দে, প্রশিক্ষণ সম্পাদক শ্রাবন্তী কর ইমা, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার, আন্দোলন সম্পাদক উষা রানী মল্লিক, সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, উদীচীর সভাপতি এনায়েত হাসান মানিক, সহ-সভাপতি রীনা কর্মকার এবং সহ-সভাপতি রেনুকা দাস।

রওশন আরা মুকুল বলেন, অপরাধীদের হুমকিতে ভুক্তভোগী নারী ও তার পরিবার আজ বাড়ি ছাড়া। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক বলেন, একই অপরাধের বিচারে পুরুষকে বাদ দিয়ে শুধু নারীকে ফতোয়ার নামে হেনস্থা করা হয়েছে। এটা সামাজিক বৈষম্য। ইন্টারনেটে ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্টকারীর অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

“এমন ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও কঠিন শাস্তি দাবি করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”