১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে মেরামতের সময় এসি বিস্ফোরণ, দগ্ধ ৪

কারখানার এক কর্মী বলেছেন, মেরামতের পর এসিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

টঙ্গীতে মেরামতের সময় এসি বিস্ফোরণ, দগ্ধ ৪

দগ্ধ চারজনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2024, 09:34 AM

Updated : 02 Apr 2024, 09:34 AM

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় বিস্ফোরণ ঘটে চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যায় পাগাড় মিরাশপাড়া এলাকার পেট্রিওয়েট ইকো অ্যাপারেল অ্যাক্সেসরিজ লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান এসি মিস্ত্রির সহকারী মো. রফিক (৩২)।

আর এসি মিস্ত্রি রবিন (২৮), আলমগীর (৩৪) এবং কারখানার নিরাপত্তাকর্মী সোহাগকে (৩৬) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। 

কারখানার এক শ্রমিক জানান, সন্ধ্যায় ইফতারির পর কারখানার ছাদে এসি মেরামত করছিলেন তিন মিস্ত্রি। নিরাপত্তাকর্মী সোহাগ তাদের পাশে দাঁড়ানো ছিলেন।

মেরামতের পর এসিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতে চারজনই আহত হন। বিকট শব্দ শুনে কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।