২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 10:25 PM

Updated : 19 Sep 2026, 10:25 PM

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম।

আটক দেলোয়ার হোসেন (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী দেলোয়ার হোসেনের কাছ থেকে দুই হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক এবং ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।