Published : 04 Apr 2023, 11:49 PM
বরিশাল সদরে নিখোঁজ হওয়ার একদিন পর এক নারীর লাশ পাওয়া গেছে একটি মাছে ঘেরে।
মঙ্গলবার দুপুরে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুরে মরদেহটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মৃত রুবী বেগম (৫০) উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা বাবুল বেপারীর স্ত্রী।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে বাসা থেকে বের হন রুবী। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে একটি মাছের ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
“মৃত্যুর কারণ রহস্যজনক। শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। সরাসরি হত্যাও বলতে পারছি না। তাই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
মৃত নারীর স্বামী বাবুল বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ছেলে ও এক মেয়ের জননী রুবী। সোমবার ইফতার শেষে ইউপির বৌশের হাট বাজারের পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন রুবী। সকালে স্থানীয় আজাদের মাছের ঘেরে লোশ ভাসার খবর পাওয়া যায়।
বাবুল বলেন, তার সঙ্গে কারো শত্রুতা নেই। কী হয়েছে তিনি জানেন না। তার কোনো অভিযোগও নেই।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরিদ্র পরিবারের এই নারী রাতে বের হওয়ার পর ঘরে ফেরেননি। সকালে এক ব্যক্তি গরু আনতে গিয়ে তার লাশ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।