তিস্তায় গোসলে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন মুন্না ও নাইসসহ ছয়জন।
রংপুরের গংগাচড়া উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে দুই তরুণ নিখোঁজ হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান গংগাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম।
নিখোঁজরা হলেন- ওই ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়ার হাসেম আলীর ছেলে মুন্না মিয়া (১৮) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজারের মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ (১৯)।
তারা দুইজন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, সকালে ওই এলাকায় ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন মুন্না ও নাইসসহ ছয়জন। এরপর চারজন ওপরে উঠে আসলেও মুন্না ও নাইস তলিয়ে যান।
খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের সাতজন কর্মী ও রংপুর থেকে আসা ডুবুরি দলের কয়েকজন সদস্য উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]
