২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভোলায় ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর সন্দেহভাজন নারীকে পিটুনি, বাড়িতে আগুন

সালমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:15 PM

Updated : 27 Sep 2026, 09:15 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর সন্দেহভাজন এক নারীকে বিবস্ত্র করে পিটিয়ে আহত করেছেন নিহতের স্বজন ও স্থানীয় লোকজন।

এ সময় ওই নারীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

রোববার দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান।

নিহত ব্যবসায়ী বাশার পণ্ডিত (৩৫) নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার থেকে বাশার নিখোঁজ ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে একই এলাকার সালমা বেগমের বাড়ির পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। তার গলায় দাগ ও পেটে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশের ভাষ্য, লাশ উদ্ধারের পর স্থানীয় লোকজন সালমা বেগমকে হত্যায় জড়িত সন্দেহে বিবস্ত্র করে পিটুনি দেয়। পরে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।

একপর্যায়ে সেখানে আগুন দেওয়া হয়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আহত সালমাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর বাবা আবুল কাশেম বলেন, শনিবার বেলা ১১টার দিকে সালমা ফোন করে তার ছেলেকে বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার লাশ পাওয়া যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান বলেন, ঘটনার কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সালমার স্বামী সাইদুর রহমান ও রফিককে আটক করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।