দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল শুরুর পর নদীতে আটকে থাকা কেরামত আলী, বরকত, মাধবীলতা নামের ফেরিগুলো পাড়ে ফিরে আসে।
ঘন কুয়াশায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টায় ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশায় কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সময় মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। সেগুলোও ফেরত এসেছে জানিয়ে তিনি বলেন, “ফেরি চলাচল শুরুর পর নদীতে আটকে থাকা কেরামত আলী, বরকত, মাধবীলতা নামের ফেরিগুলো পাড়ে ফিরে আসে।”
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
