১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

গাজীপুর সিটি নির্বাচন: ৭৬ কর্মকর্তার দায়িত্ব বণ্টন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি সংরক্ষিত কাউন্সিলর পদ এবং ৩টি সাধারণ কাউন্সিলর পদের জন্য একজন করে সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 01:30 AM

Updated : 10 Apr 2023, 01:30 AM

গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের জন্য এলাকাভিত্তিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ ও তাদের অধিক্ষেত্র বণ্টন করা হয়েছে।

রোববার মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, ৫৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ভোটে ১৯ জন সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব বণ্টন করা হয়েছে। 

তিনি জানান, নির্বাচনে যাতে প্রার্থীরা সহজে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ নির্বাচনী কাজ করতে পারেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি সংরক্ষিত কাউন্সিলর পদ এবং ৩টি সাধারণ কাউন্সিলর পদের জন্য একজন করে সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন।

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম আরও জানান, আজকের সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অবৈধ সকল প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে।

“আমি আশা করি সকলেই আমাদের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ, আচরণবিধি ও অন্যান্য নির্বাচনী বিষয় যাতে সঠিকভাবে বজায় থাকে সেজন্য গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সঙ্গে আলোচনা করা হয়েছে।”

গত ৫ এপ্রিল ঘোষিত সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ৯ মে প্রতীক বরাদ্দ করা হবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে সাঁটানো পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট এবং দেয়াল লিখন আগামী ১৩ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং মুছে ফেলতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।