Published : 19 Oct 2022, 10:16 AM
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেনটি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছানোর পর লাইনচ্যুত হয়।
এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে ও পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে।
পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান রেজাউল।