পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের জেল
মানিকগঞ্জে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন পিপি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পরকীয়ার জেরে ভাবি ও ভাতিজাকে হত্যা মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এস. কে. এম. তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার জানিয়েছেন।
দণ্ড পাওয়া সোলাইমান হোসেন (৩৪) উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পিপি বাহার বলেন, সোলাইমান হোসেনের সঙ্গে তার ভাবির পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ভাবি সোলাইমানকে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের জানুয়ারিতে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেন সোলাইমান। ঘটনাটি দেখে ফেলায় ভাবির শিশু সন্তানকেও হত্যা করে তিনি।
পরে পুলিশ সোলাইমানকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পিপি।
রায়ে অসন্তোষ প্রকাশ করে পিপি বাহার বলেন, দোষীর জন্য এই সাজা অপর্যাপ্ত। এই রায়ে বাদীপক্ষ মোটেও খুশি নয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
