খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সিরাজগঞ্জে শিক্ষক বরখাস্ত
এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে খালুকে বাবা সাজিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন।
বরখাস্ত হওয়া আব্দুর রশিদ সদর উপজেলার ছোট হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের রুস্তম আলীর ছেলে।
বুধবার শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগদানের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
রুস্তম আলীর আরেক ছেলে সেনাবাহিনীতে কর্মরত। তার বিরুদ্ধেও মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে তার চাকরির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে আব্দুর রশিদের খালু বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম আবুল কাসেমের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, তার বাবার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে আত্মীয়রা অনিয়মের মাধ্যমে সুবিধা নিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন তিনি।
