জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ‘রাষ্ট্র মানুষের ওপর জুলুমের বোঝা চাপিয়ে দিল’
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদের উদ্যোগে এই কর্মসূচি হয়।
একসঙ্গে সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ।
সোমবার বিকাল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি হয়।
এতে সভাপতির বক্তব্যে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর বলেন, “এমনিতেই গ্যাস-বিদ্যুৎ-পানির সংকটে জনজীবন বিপর্যস্ত। দ্রব্যমূল্যে উর্ধগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। সরকার এসব সমস্যার কোনো কার্যকর সমাধান করতে পারছে না। সাধারণ মানুষের ওপর রাষ্ট্র আবারও চাপিয়ে দিল এক চরম জুলুমের বোঝা।”
বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতম দাস, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ ও আফছার আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য যখন কমছে তখন দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী ও অযৌক্তিক। এক লাফে লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির ফলে গাড়ি ভাড়া তথা পণ্যপরিবহন ও যাতায়াত খরচ বাড়াবে, বিদ্যুতের দাম বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়বে। ফলে সাধারণ শ্রমজীবী মানুষ-কৃষক, নিন্মবিত্ত ও মধ্যবিত্তের জীবেনযাত্রার ব্যয় বহুগুনে বেড়ে গিয়ে দুর্বিসহ করে তুলবে।
নেতারা বলেন, বর্তমান সরকার পাঁচ মাসে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ালো। এটা সরকারের গণবিরোধী নীতির প্রকাশ।
বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট নিরসন ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানান।
