২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোমরা বন্দরের ওপারে ভারতে কভার্ডভ্যান চাপায় বাংলাদেশি নিহত

গত ৭ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যান তিনি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2022, 01:19 PM

Updated : 05 Dec 2022, 01:29 PM

ভ্রমণ শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কভার্ডভ্যান চাপায় এক বাংলাদেশি যুবকের প্রাণ গেছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের এসআই মাজরিহা হোসাইন জানান, ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২৪ বছর বয়সী আশুতোষ গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।

এসআই মাজরিহা বলেন, আশুতোষ গত ৭ সেপ্টেম্বর ভোমরা বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যান। রোববার বিকালে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন।

“এ সময় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত একটি কভার্ডভ্যান আশুতোষসহ দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশুতোষের মৃত্যু হয়।”

আশুতোষের লাশ ময়নাতদন্তের জন্য ভারতের হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান মাজরিয়া।