Published : 27 Jun 2023, 02:42 PM
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ‘ডিসলাইনের তারে আটকে’ চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে; এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে মির্জাপুর রেলওয়ে স্টেশনের পূর্ব গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান।
নিহত ২০ বছর বয়সি তরুণ সজীব হোসেন নওগাঁ সদর উপজেলার রাইজুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহত রিমন হোসেন (২৬) একই জেলার বদরগাছী উপজেলার এনামুল হকের ছেলে। তাকে টাঙ্গাইলের বেসরকারি কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত দুই যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর রেলওয়ে স্টেশনের পূর্ব গেইটের গেইটম্যান শান্ত ইসলাম জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টা ৫ মিনিটে মির্জাপুর স্টেশন অতিক্রম করে।
এর আধা ঘণ্টা পর রক্তাক্ত আহত এক যুবক তার গেইট রুমে এসে জানান তিনি ওই ট্রেনের যাত্রী ছিলেন। ছাদ থেকে পড়ে আহত হয়েছে এবং আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন।
পরে তিনি সঙ্গে সঙ্গে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। তারা এসে আহত ওই যুবককে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। তার হাত ও পা ভেঙে গেছে।
তিনি আরও জানান, পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
টাঙ্গাইলের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, “ধারণা করা হচ্ছে, ডিসলাইনের তারে আটকে চলন্ত ট্রেনের ছাদ থেকে তারা পড়ে যান।”
আহত ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।