Published : 27 Dec 2023, 04:19 PM
ভোটারদের আইডি কার্ডের ছবির সঙ্গে মিলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করাতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান।
বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এ ছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।”
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেবেন। কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।”
নির্বাচন কমিশনার হাবিব আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেওয়া ছাড়া সব কিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন।
“সবার সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথেয় হয়ে থাকে।”
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ্, জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।