Published : 04 Aug 2023, 12:21 AM
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে; জব্দ করা হয়েছে একটি ড্রেজার মেশিন।
বৃহস্পতিবার বিকালে চাঁনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
অভিযানে চাঁনপুর এলাকার সুলতান মিয়া (৫০) নামে এক ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়। সেই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে ওই এলাকা থেকে পান্থশালা ঘাটে নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।
তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, “মেঘনা নদীতে ব্রাক্ষণবাড়িয়া জেলার একটি মৌজায় বালু মহাল ইজারা রয়েছে। আমরা খবর পেয়েছি কিছুদিন ধরে ওই মৌজা সীমানা ছাড়িয়ে নরসিংদীর রায়পুরার চাঁনপুর সীমানা থেকে বালু তুলছে।
“রায়পুরা উপজেলায় এ মুহূর্তে কোনো বৈধ বালু মহাল নেই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।”
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।