৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৪

পুলিশের দাবি, শহরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নাশকতার উদ্দেশ্যে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 11:02 AM

Updated : 30 Sep 2026, 11:15 AM

পাবনা শহরে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল

ওহাবসহ ১৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুস সালাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি আব্দুস সালাম বলেন, “আটকরা শহরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নাশকতার উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ বলছে, গত ৫ অগাস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের এই নেতা।

ওসি আব্দুস সালাম জানান, এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে প্রথম দফায় আটক করে পুলিশ। তাকে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় নেতাকর্মীরা জোর করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন।

এর তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি ফের এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন।

এরপর চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। ওই দফাতেও কয়েক সপ্তাহ পর তারা আদালত থেকে জামিনে মুক্ত হন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।