১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

এরপর স্থানীয় ওঝার কাছে তাকে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

সাপের কামড়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় ইউপি সদস্য কানন সরকার মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 08:36 PM

Updated : 31 Jul 2023, 08:36 PM

ফরিদপুরের সদরপুর উপজেলায় রান্না ঘরে থাকা সাপের কামড়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

নিহত কানন সিকদার (৩৫) বিষ্ণুপুর দারোগা বাড়ির শান্ত চৌধুরীর স্ত্রী। তিনি চরবিষ্ণুপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন।

কাননের বাবার বাড়িও একই গ্রামে। শান্ত-কানন দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী শান্ত চৌধুরী জানান, সকালে রান্না করতে গেলে সাপ কাননের এক পায়ে কামড় দেয় এবং অন্য পা জড়িয়ে ধরে। এরপর স্থানীয় ওঝার কাছে তাকে নিয়ে যাওয়া হয়।

“অবস্থার অবনতি হলে কাননকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

গত দুই মাসে বিষাক্ত রাসেল ভাইপারের দংশনে জেলার চরভদ্রাসন, সদরপুর ও মধুখালী উপজেলার চরাঞ্চলে পাঁচ ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে।