২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ‘অস্ত্রের বিনিময়ে মাদক’ চক্রের সদস্যসহ আটক ৪

আটকদের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারে ‘অস্ত্রের বিনিময়ে মাদক’ চক্রের সদস্যসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে আটক চার জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2024, 03:50 PM

Updated : 19 Mar 2024, 03:50 PM

কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবা, অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিন জনকে ‘অস্ত্রের বিনিময়ে মাদক’ লেনদেন চক্রের সদস্য ও অপরজনকে মাদকের ‘শীর্ষ পাচারকারী’ বলছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, আটকদের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। 

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা পূর্ব জাদিমুরা এলাকার ইমাম হোসেনের ছেলে ইয়ামিন আরাফাত ওরফে কালু (২১) ও হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আবুল কাশেম (৩৫) এবং খুলনা সদর উপজেলার আবুল কালামের ছেলে সাকির আহম্মদ সাগর (২৬) ও দাকোপ উপজেলার সুঁতারখালী ইউনিয়নের গুনারী এলাকার নওশের মোড়লের ছেলে মো. নুরুজ্জামান (২৮)।

সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তিন জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি গুলি পাওয়া যায়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা তিনজনই মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তারা খুলনা থেকে অস্ত্রের চালান এনে টেকনাফের বিভিন্ন অপরাধী চক্রের কাছে তুলে দেন।

Image

আটকদের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

“চক্রটি নগদ টাকার পাশাপাশি মাদকের বিনিময়েও এসব অস্ত্র লেনদেন করত।“

এদিকে সোমবার রাতে হ্নীলা ইউনিয়নের পূর্ব জাদিমুরা এলাকায় নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে আরেকটি অভিযান চালায় র‌্যাব।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক একজন লোককে আসতে দেখে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে তার বসত ঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, আটক ইয়াসিন আরাফাত ওরফে কালু মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের অন্যতম হোতা। তার নেতৃত্বে চক্রটি মাদকের বড় বড় চালান নিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাচার করতো।

র‌্যাব জানিয়েছে, টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথকভাবে মামলা করে আটকদের হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।