কুড়িগ্রামে ‘ধর্ষণের শিকার’ কিশোরী অন্তঃসত্ত্বা, দাদুর বিরুদ্ধে মামলা
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন ‘প্রভাবশালী’ ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন
কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
সোমবার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার বাসিন্দা মতিবর ফকিরের বিরুদ্ধে ঢুষমারা থানায় মামলাটি হয়। তিনি সম্পর্কে ওই কিশোরীর দাদু হন বলে জানিয়েছেন থানার ওসি এম আর সাঈদ।
মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। মামলা হওয়ার পর থেকে মতিবর ফকির (৫৫) পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সালিশের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন ‘প্রভাবশালী’ ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।
কিশোরীর মামা বলেন, “আমরা মূল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচার প্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”
ওসি এম আর সাঈদ বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন তাদের হাতে এসেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
