২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

নির্বাচনের আগে দেওয়া পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছি: এ্যানি

“আমাদেরকে হুংকার দিবেন না, আমরা মাঠ থেকে উঠে এসেছি। আমরা রাজপথ থেকে উঠে এসেছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 04:13 PM

Updated : 23 Oct 2026, 04:17 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

নির্বাচনের আগে জনগণের সামনে যেসব পরিকল্পনা তুলে ধরা হয়েছিল সেগুলো বাস্তবায়নে তারা মাঠে নেমেছেন বলেও জানান মন্ত্রী।

শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে ‘লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ আয়োজিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্থানীয় তোতারখীল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের পথে এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী।

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে। নির্বাচনের আগে তার পিতার ভাবনা ও তার মায়ের পরিকল্পনা অনুযায়ী আমরা যে পরিকল্পনাগুলো জাতির সামনে তুলে ধরেছিলাম, সেগুলো বাস্তবায়নেই আজ আমরা মাঠে নেমেছি।

“সেই পরিকল্পনা অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি। তাঁর হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি।”

তিনি বলেন, “গত ১৭ বছর আমরা বঞ্চিত ও উপেক্ষিত ছিলাম। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন আমাদের গ্রাস করেছে। তারেক রহমানের চিন্তাচেতনা, তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী ভাবনা থেকে আমরা আজ এমন সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি, যেখানে দলগত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে, দেশকে ধরে রাখতে হবে। এ লক্ষ্য অর্জনে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিরোধী দলের আন্দোলনের হুঁশিয়ারির জবাবে মন্ত্রী বলেন, “আজকে লংমার্চ করেন, আজকে রোডমার্চ করেন। আজকে এক দফার আন্দোলন করার জন্য সচিবালয়ের সামনে চলে যান। সংসদের সামনে চলে যান। হুংকার দেন।

“আমাদেরকে হুংকার দিবেন না, আমরা মাঠ থেকে উঠে এসেছি। আমরা রাজপথ থেকে উঠে এসেছি।”

লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শামস জেরিন জর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবিব, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন।