২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ককটেল ফাটিয়ে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:57 PM

Updated : 23 Sep 2026, 05:57 PM

বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে বরিশাল মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী নারী চা দোকানি বলেন, “হঠাৎ করে বিকট শব্দে আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখি, কিছু লোক ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা গড়িয়ার পাড়ের দিক থেকে এসে ককটেল ফাটিয়ে কেউ নথুল্লাবাদ এবং কেউ লাদেন সড়ক হয়ে পালিয়ে যায়।”

আরেক প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোরের দোকানি মো. তামিম বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে সড়কে ককটেল ফাটিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, “একটা বিকট শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখছি।

“তবে আশে পাশে কোনো আলামত পাওয়া যায়নি। এটি কিসের শব্দ ছিল সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই এলাকার সিসিটিভি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে।”

তিনি বলেন, এখানে একটা মিছিলের খবরও পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।