রাস্তা পার হচ্ছিল নাতনি, বাস দেখে পেছনে ছুট নানির, প্রাণ গেলো ২ জনেরই
ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
পিঠা খাওয়ার জন্য গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক পার হচ্ছিল পাঁচ বছরের এক শিশু। এ সময় বাস আসতে দেখে নানি তাকে বাঁচাতে পেছনে ছুটলেও শেষ রক্ষা হয়নি।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার তুলসিঘাট এলাকায় বাসের ধাক্কায় নানি-নাতনি দুজনেরই মৃত্যু হয় বলে সদর থানার এসআই মাইদুল ইসলাম জানান।
মৃতরা হলেন-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ৪৫ বছর বয়সী সাবিনা বেগম ও তার নাতনি টিয়া মনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, সাবিনা স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে তার সঙ্গে তুলসিঘাটে আসে তার নাতনি। এক পর্যায়ে ভাপা পিঠা খাওয়ার জন্য গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক পার হচ্ছিল টিয়া।
এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস আসতে দেখে নাতনিকে বাঁচাতে পেছনে দৌড় দেন সাবিনা।
এ সময় বাস দুজনকেই চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে।
