সরকার চাইলে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে পারে: মেনন
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে মন্তব্য করেন এই সংসদ সদস্য।
সরকার চাইলে বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে পারে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বরিশালে এক সমাবেশে তিনি বলেছেন, “এখন আমাদের দাবি একটাই, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া। সরকার যদি চায় যে কোনো সময় সিন্ডিকেট ভেঙে ফেলতে পারে।”
শনিবার বিকালে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এই নেতা আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “কোনো ভয় নেই, নির্বাচনে নিজের ভোট নিজে দেবেন। আমার জন্মভূমির মালিক আমেরিকা নয়; এ দেশের জনগণ। আগামী নির্বাচনে দেশের মানুষ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারাই সরকার গঠন করে দেশ চালাবেন।”
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে মন্তব্য করে সংসদ সদস্য বলেন, “তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। তাদের আন্দোলনের বেলুন ফুটা হয়ে গেছে। ১৪ দল একত্রিত থাকলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।”
উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক ফারাহীন বালীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুলু, এইচ এম হারুন, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, ওয়ার্কার্স পার্টির নেতা অতুলন দাস আলো, জাহিদ হোসেন খান ফারুক, আলমগীর হোসেন মৃধা।
