Published : 28 Dec 2023, 11:11 PM
ভোজের আয়োজন করায় নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ভোটারদের নিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার নির্বাচনি সভা শেষে গণভোজের আয়োজন করতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ইছাপাড়া এলাকায় এক নির্বাচনি সভা শেষে স্থানীয় ভোটারদের নিয়ে এ আয়োজন করা হয়।
জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে কোনো প্রার্থী তার পক্ষে কেউ গণভোজের আয়োজন করতে পারবেন না। এমনকি নির্বাচনি ক্যাম্পে কোমল পানীয় বা কোন উপঢৌকন প্রদান করা যাবে না।
কিন্তু কেটলি প্রতীকের শাহজাহান ভূঁইয়া ইছাপাড়া এলাকায় পাঁচ শতাধিক ভোটারকে নিয়ে গণভোজের আয়োজন করেছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে শাহজাহান ভূঁইয়াকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ভোজের আয়োজন করায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ ইব্রাহিম।
আচরণবিধির ১৮(১) ধারায় বলা হয়েছে, বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। (১) কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
নির্বাহী হাকিম বলেন, নৌকার ওই সমর্থক অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।