২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা হাসপাতালে

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সকাল দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।

বাগেরহাটে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা হাসপাতালে

নিহত মেহেদী হাসান ইতু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 12:14 PM

Updated : 21 Sep 2026, 12:34 PM

বাগেরহাটের রামপাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের বাবাও।

সোমবার সকালে উপজেলার ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি রাজীব আল রশীদ।

নিহত মেহেদী হাসান ইতু (২৪) ওই গ্রামের শেখ ফরিদ উদ্দীনের ছেলে। আহত শেখ ফরিদ উদ্দীন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি রাজীব আল রশীদ বলেন, ওই গ্রামের ফরিদ উদ্দীনের সঙ্গে তার চাচাতো ভাই শেখ বাকি বিল্লাহর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন সকাল ৭টার দিকে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে ফরিদ উদ্দীন ও তার ছেলের ওপর হামলা চালায়। বাবা ও ছেলেকে এলোপাথাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেহেদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি রাজীব আল রশীদ বলেন, হামলার পর জড়িতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।