২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিএনপির সমাবেশ: নারায়ণগঞ্জে সড়কে পুলিশের তল্লাশি, আটকের অভিযোগ

ঢাকার সমাবেশে যেন নেতা-কর্মীরা যেতে না পারেন সেজন্য পুলিশ এগুলো করছে বলে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 04:36 PM

Updated : 13 Jul 2023, 04:39 PM

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।

বুধবার ভোর থেকে সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর, সুলতানা কামাল ব্রিজের ঢাল, ভুলতা মোড়সহ কয়েকটি স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

বিএনপি নেতাদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে।

তারা হলেন: কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোহিনুর আলম, সহসাধারণ সম্পাদক দেওয়ান জাকির, পৌরসভা বিএনপির সভাপতি মো. শিমুল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী গাজী মনির, গাজী মাসুম, ফারুক হোসেন ও হজরত আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলফাজ উদ্দিন ও সদস্য জাহিদ হোসেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, মঙ্গলবার রাত থেকে সকাল ১০টা পর্যন্ত পুলিশ একাধিক টিম নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। এখন পর্যন্ত অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রূপগঞ্জে ৬, সোনারগাঁয়ে ৩, সিদ্ধিরগঞ্জে ৫ ও নারায়ণগঞ্জ নগরে ১৬ নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া বাড়ি বাড়ি পুলিশ গিয়েও ভয়ভীতি দেখাচ্ছে।

ঢাকার সমাবেশে যাতে নেতা-কর্মীরা যেতে না পারেন সেজন্য পুলিশ এগুলো করছে বলে তার অভিযোগ।

সমাবেশকে ঘিরে পুলিশের এমন অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সরেজমিনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর ও মদনপুর এলাকায় পুলিশের তল্লাশিচৌকি দেখা গেছে।

চৌকিতে বাস, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। যাত্রীরা কে কোথায় যাচ্ছেন তাও জানতে চাচ্ছে পুলিশ।

শহরের চাষাঢ়া, দুই নম্বর গেইট এলাকাতেও পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত তল্লাশিচৌকিতে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

তবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি করে পুলিশ।

এদিকে মহাসড়কে অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম দেখা গেছে৷ তল্লাশির কারণে যানবাহনের চলাচলে ধীরগতিও ছিল।

কাঁচপুর ব্রিজের পূর্বপাশে সোনারগাঁ থানার একটি চৌকি বসানো হয়েছে।

সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ বলেন, “বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে কোথাও নাশকতামূলক কার্যক্রম বা বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সতর্কতামূলক অবস্থানে রয়েছে৷ তবে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।”

জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউলাউ মারমা বলেন, “সাইনবোর্ড, কাঁচপুর, ভুলতা, মৌচাক মোড়, মদনপুর, সুলতানা কামাল ব্রিজের পাশসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ এটি পুলিশের নিয়মিত কার্যক্রম। তল্লাশিচৌকির স্থানগুলোতে কাউকে আটক করা হয়নি।”

রাতে অভিযানে বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছেন এমন খবরে জেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে ১৫ থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কাউকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। নাশকতার তথ্য-প্রমাণ না পাওয়া গেলে বিকেলে ছেড়ে দেওয়া হবে। মূলত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কোথাও যেন কোনো ধরনের হামলা, নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জনগণের যানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য পুলিশ তৎপর আছে।”