Published : 11 Jun 2023, 06:25 PM
খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সরকারি সেতু ভেঙে রড চুরির মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের মুখ্য বিচারিক হাকিম সৈয়দ ওমর ফারুক সুজন আওয়ামী লীগ নেতার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের এএসআই মীর হোসেন জানান।
আওয়ামী লীগ নেতা উত্তম দেব দলটির পানছড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ঠিকাদারির সঙ্গেও জড়িত।
এর আগে সেতুর রড চুরির ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৯ মার্চ খাগড়াছড়ি আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিএম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে মামলা করেন।
মামলায় পুলিশের হাতে আটক অটোরিকশা চালক নাজমুলসহ তিনজনের ১৬৪ ধারার জবানবন্দিতে উত্তম দেবের নাম আসে।
তার আইনজীবী নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার এড়াতে উত্তম উচ্চ আদালত থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। মেয়াদ শেষে তিনি রোববার খাগড়াছড়ির আমলী আদালতে আত্মসমর্পন করে পুনরায় জামিন চেয়েছিলেন।
নজরুল ইসলাম আরও জানান, এজহারে উত্তম দেবের নাম ছিল না। কিন্তু হয়রানি এড়াতে উচ্চ আদালতের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে।