১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেশা: অভিভাবককে বিচার দেওয়ায় দপ্তরিকে গলাকেটে হত্যা

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 01:07 PM

Updated : 30 Oct 2022, 02:41 PM

টাঙ্গাইলের নাগরপুরে কয়েকজন যুবককে নেশা করতে দেখে তাদের অভিভাবককে জানানোর জেরে এক দপ্তরিকে গলাকেটে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

নিহত সুলতান হোসেন স্বপন (৫৫) উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

এ ঘটনায় সুলতানের ছেলে পলাশ মিয়া বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

আসামিরা হলো- মীর আনোয়ার (৪৫), মীর সয়োয়ার (৩২), আলী (২৪), রানা (২২) ও রাফি (১৮)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, স্থানীয় অগ্নিবীণা আইডিয়াল কলেজ মাঠে শনিবার সন্ধ্যায় রানা, আলী, সোলাইমান ও আনোয়ারসহ কয়েকজন যুবক নেশা করছিলো। বিষয়টি ওই কলেজের দপ্তরি স্বপন তাদের অভিভাবকদের জানায়।

“পরে স্বপন সিংজোড়ার বাসু মিয়ার চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় আজমীর বাধা দিলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আহত আজমীর হোসেনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।