বরগুনায় নবীনবরণে বিএনপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
বরগুনার আমতলী উপজেলায় বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কয়েকজন শিক্ষার্থী।
এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
শিক্ষার্থীরা বলেন, এদিন সকাল ১০টার দিকে উপজেলার চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে শিক্ষার্থীরা বলেন।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, “আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কিনা, তা আমাদের কানে আসেনি। তবে ফেইসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কিনা, তাও জানি না।”
কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, “আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কিনা, তা আমি শুনিনি। ফেইসবুকে কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেইসবুক ব্যবহার করি না।”
