Published : 14 Aug 2026, 06:58 PM
গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের সবকটি ফিলিং স্টেশন। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা।
বৃহস্পতিবার রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে পুরোপুরিভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে।
এলএনজি সংকটের কারণে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার থেকে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এরপর গ্যাস সংকটে বৃহস্পতিবার রাত থেকে সবকটি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়।
এতে বাধ্য হয়ে অনেক অটোরিকশা চালক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।
মূলত গ্যাস সরবরাহ বন্ধের আগে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে প্রতিদিন ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করতো বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। যদিও চাহিদা রয়েছে প্রায় দ্বিগুণ। তবে সংকটের কারণে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ ছিল কম।
সাধারণত ১৫ পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও ৩ থেকে ৪ পিএসআই চাপে গ্যাস সরবরাহ করা হত। সবশেষ বুধবার থেকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এরপর রাত থেকে পুরোপুরি সরবরাহ বন্ধ করা হয়।
গ্যাসের অভাবে সড়ক-মহাসড়কে অটোরিকশার চলাচল কমে গেছে। এলপিজি সিলিন্ডার দিয়ে স্বল্প সংখ্যক অটোরিকশা চললেও ভাড়া নিচ্ছে প্রায় দ্বিগুণ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।
শহরের কুমারশীল মোড় থেকে নন্দনপুর বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য এক ঘণ্টা অপেক্ষা করার পর অটোরিকশা পান কালাম। তবে তার কাছে ভাড়া চাওয়া হয় ৮০ টাকা। যদিও নিয়মিত ভাড়া ৪০ টাকা। পরে দরকষাকষি করে চালককে ৭০ টাকায় রাজি করার কথা জানান কালাম।
অটোরিকশা চালক মাহিন মিয়া বলেন, শহরের কুমারশীল মোড় থেকে সরাইল-বিশ্বরোড এলাকায় অটোরিকশা চালান তিনি। এ পথে নিয়মিত ভাড়া ৫০ টাকা। তবে গ্যাস সংকটের কারণে বুধবার থেকে ৭০ টাকা ভাড়া নিচ্ছিলেন যাত্রীদের কাছে।
বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডারে অটোরিকশা চালানোর কারণে ৯০ টাকা ভাড়া নিতে হচ্ছে বলে জানান তিনি।
সরাইলের সোপান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, বুধবার থেকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তাই ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আগামী রোববার অথবা সোমবার গ্যাস সরবরাহ করার কথা জানিয়েছে বলে জানান তিনি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এই সংকট কাটবে সে সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও তাদের কিছু জানায়নি। তবে কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।