১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদ: বুড়িমারী স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

“আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।”

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 10:58 AM

Updated : 26 Aug 2026, 12:51 PM

ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  

তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ও অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, কোরবানি ঈদ উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ জুন থেকে আবার বন্দরের নিয়মিত কার্যক্রম শুরু হবে।”

ঈদের‍ ছুটির মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকার কথা জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম।

তিনি বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।”

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, “ব্যবসায়ীদের সিদ্ধান্তে কার্যক্রম বন্ধ হলেও কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।”