চট্টগ্রামে রাস্তায় আলপনা আঁকার সময় গাড়িচাপায় যুবকের মৃত্যু
পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
চট্টগ্রামের রাউজানে রাস্তায় নববর্ষের আলপনা আঁকার সময় গাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে পিকআপ চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহাম্মদ জুয়েল (৩৫) নোয়াপাড়া ইউনিয়েনর কালী বাড়ি এলাকার নুরুচ্ছফার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
নোয়াপাড়া এলাকাটি হিন্দু অধ্যুসিত। পঞ্জিকা অনুযায়ী বুধবার পহেলা বৈশাখ উদযাপন করছেন সেখানকার অনেক মানুষ।
নোয়াপাড়ার স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, “ভোরে কমলারদিঘী কালীবাড়ি গেটের সামনের রাস্তায় স্থানীয় যুবকরা নববর্ষের আলপনা আঁকছিল। এ সময় জুয়েল রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মামুন ভূঁইয়া বলেন, “আমরা পিকআপটি আটক করেছি। তবে চালক পালিয়ে গেছে। ওই সড়কে ‘বেপরোয়া’ গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়ে গেছে।”
ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করায় জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মামুন ভুঁইয়া।
