Published : 06 Aug 2025, 06:34 PM
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে তলিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ২টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পার্শ্ব এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহদাত হোসেন।
নিহত মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) খুলনার খালিশপুর এলাকার এম ওয়াইজ উদ্দিনের ছেলে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, মঙ্গলবার খুলনা থেকে পারভেজসহ সাতজনের একটি দল বেড়ানোর জন্য কুয়াকাটা সমুদ্র সৈকত আসেন। বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পারভেজসহ পাঁচজন গোসল করতে নামেন।
সাগর প্রচণ্ড উত্তাল থাকায় এবং পারভেজ সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গীরা ঢেউয়ের সঙ্গে লড়াই করে তীরে উঠলেও পারভেজ আর উঠতে পারেননি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে জেলেদের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা গিয়ে জেলেদের সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধার করেন।
ওই কিশোরের লাশ কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে; আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এসআই।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহদাত হোসেন সাংবাদিকদের বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। এক পর্যায়ে ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হই।”
পারভেজের সঙ্গী সেলিম রেজা সাংবাদিকদের বলেন, “একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনকে হারিয়ে ফেলব, ভাবতে পারিনি। এমন ঘটনায় আমরা মর্মাহত।”