প্রশাসন ‘লাল ফিতায় বন্দি’: মসিউর রহমান রাঙ্গাঁ
“স্বাধীনতার পর থেকে প্রশাসন কখনোই পুরোপুরি নিরপেক্ষ ছিল না। বিভিন্ন কারণে তাদের সরে যেতে হয়।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে প্রশাসন ‘লাল ফিতায় বন্দি’ বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব বলেছেন, “প্রশাসন কার্যত ‘লাল ফিতায় বন্দি’ হয়ে পড়েছে; যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।”
সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলায় নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জুলাই আন্দোলনের ঘটনা প্রসঙ্গে রাঙ্গাঁ বলেন, “অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পুড়িয়েছে, তারা যখন নিজেরা দ্বন্দ্বে জড়ায় তখন কোনো ওসির সাহস হয় না তাদের বিপক্ষে দাঁড়ানোর।
“কারও বিরুদ্ধে কথা বললেই গরু চুরির মতো মামলায় ১৫২ নম্বর আসামি করা হচ্ছে। অপরাধ করলে নিয়ম অনুযায়ী আমারও বিচার হোক। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিচার হওয়া উচিত।”
নির্বাচনি পরিবেশ নিয়ে জাতীয় পার্টির এ নেতা বলেন, “আমরা একাধিকবার হামলার শিকার হয়েছি। প্রতিদিনই বাধার মুখে পড়ছি। কারা এসব করছে, তা সবাই জানে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে উঠবে।
“প্রশাসন যদি এসব রুখতে না পারে, তাহলে নির্বাচন মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।”
নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রাঙ্গাঁ বলেন, “আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ছিলাম, এটা অস্বীকার করছি না। জুলাই আন্দোলনের পক্ষেও ছিলাম।
“কিন্তু বড় একটি অংশ যদি নির্বাচনের বাইরে থাকে এবং আমরাও যদি সরে যাই, তাহলে দেশে বড় শূন্যতা তৈরি হবে। এতে আগামী সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে।”
ভোটের মাঠে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে প্রশাসন কখনোই পুরোপুরি নিরপেক্ষ ছিল না। বিভিন্ন কারণে তাদের সরে যেতে হয়।
“এখনো জেলা প্রশাসক (ডিসি)ও ইউএনওরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে মনে হয় না।”
