১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আখাউড়া ইমিগ্রেশনে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

“কাগজপত্র যাচাইয়ের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 05:13 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে দুই হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম জানান। 

গ্রেপ্তার ইদ্রিস আলী ঢাকার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলী আহম্মদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ বলছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস আলী। এ সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তার কাগজপত্র যাচাই করেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বে থাকা শরীফুল ইসলাম বলেন, “কাগজপত্র যাচাইয়ের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।”

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর আশুলিয়া থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি ইদ্রিস আলী। তাকে নিতে আশুলিয়া থানা-পুলিশের একটি দল আখাউড়ার উদ্দেশে রওনা হয়েছে।

ইদ্রিস আলীর সঙ্গে তার ছোট বোন ও ভাগিনাকেও আটক করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরে ছেড়ে দেওয়া হয়ছে বলে জানান তিনি।