Published : 12 Sep 2024, 01:14 PM
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দাদার সঙ্গে যমুনা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ চাচাতো ভাই-বোনের লাশ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বজন ও পুলিশ সদস্যরা নদী থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেন বলে জানান চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক।
এর আগে বুধবার দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাটে গোসলে নেমে শিশুরা নিখোঁজ হয়।
শিশু দুটি হল- উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা খাতুন (৬)। তারা দুইজন চাচাতো ভাই-বোন।
এ বিষয়ে খাষকাউলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু বলেন, বুধবার দুপুরে শিশু দুটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। দাদা প্রথমেই দুই নাতি-নাতনিকে গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপর নিজে গোসল শেষে ফিরে এসে দেখেন, শিশু দুটি বাড়ি আসেনি ।
এরপর আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশু দুটির জুতা দেখতে পান স্বজনরা।
পরিবার ধারণা করছে, শিশু দুটি তাদের দাদার অগোচরে ফের নদীতে নেমে নিখোঁজ হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের একটু ভাটি থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন