৬ হাঁস-মুরগি খেয়ে সুন্দরবনে ফিরল ১০ ফুটের অজগর
১০ ফুট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হাঁস-মুরগির ঘরে আশ্রয় নেওয়া একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
বুধবার সকালে উপজেলার নীলডুমুর এলাকার মুক্তার গাজীর বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা এবং ২৫ কেজি ওজনের সাপটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে সেটিকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তার গাজী বলেন, “মঙ্গলবার রাতে হয়ত সাপটি হাঁস-মুরগির ঘরে ঢুকেছিল। সকালে দরজা খুলে দিলেও সব কয়টি হাঁস-মুরগি বের হয়নি। তখন সন্দেহ হয়। পরে ঘরের ভেতর টর্চ জ্বালিয়ে তাকাতেই বড় অজগরটি চোখে পড়ে। মোট ছয়টি হাঁস ও মুরগি খেয়েছে সাপটি।”
পরে তিনি বিষয়টি বনবিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপকে (সিপিজি) জানান। তারা এসে সাপটি উদ্ধার করে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সাপটিকে সুস্থ অবস্থায় কলাগাছিয়ার গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগের কর্মকর্তারা বলেন, খাবারের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের কারণে বন্যপ্রাণী মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত না করে বনবিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেন তারা।
