Published : 03 Jun 2026, 11:32 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহজাহান আলী মোল্লা।
নিখোঁজ তামিম হোসেন (১৪) ওই গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে। সে পোশাক শ্রমিক বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
তামিমের বড় বোন স্বপ্না খাতুন বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে এসেছে তামিম। দুপুরে পরিবারের অন্যদের সঙ্গে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে কোমর পানিতে নেমে গোসল করছিল।
“তার পাশেই ৭ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে যায়। তামিম তাকে উদ্ধারের চেষ্টা করলে নিজেও গভীর পানিতে পড়ে চিৎকার শুরু করে। এ সময় অন্যরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও তামিম নদীর গভীরে তলিয়ে যায়।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান আলী বলেন, খবর পেয়ে তাদের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়।
“বেলা ৩টার দিকে তারাও এসে আমাদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তামিমকে খুঁজে পাওয়া যাযনি”, বলেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।