Published : 17 Nov 2025, 05:37 PM
শেখ হাসিনার বিচারের রায়ের মধ্য দিয়ে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, “বাংলাদেশে যারা খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষকে ‘গণহত্যা’ করা হয়েছে, তার বিচার চলছে।
“আমরা মনে করি, আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্যে দিয়ে যে রায় আসবে তার মধ্যে দিয়ে বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠিত হবে।”
সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে সাকি বলেন, “জনগণ যেমন ন্যায় বিচার পাবেন, তেমনি যারা অপরাধ করেছেন, তাদেরকেও ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে।
“এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য জরুরি। আমরা মনে করি, এই হত্যাযজ্ঞের যথাযথ বিচার হবে। মানুষ সন্তুষ্ট হয় এমন রায় আসবে।”
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পরিণতি দেওয়ার জন্য বিচার, সংস্কার ও নির্বাচন সফল করার চেষ্টার কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, “আমরা মনে করি দেশের সকল মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার।
“এই দেশের বিচার, সংস্কার এবং নির্বাচনের পদরেখা সফল করতে হবে। কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সেজন্য মানুষের ঐক্যবদ্ধ শক্তি তাদের সজাগ থাকতে হবে।”
কথিত ফ্যাসিস্টরা নির্বাচন নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে দাবি করে জোনায়েদ সাকি বলেন,
“সামনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোনো শক্তিই যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে, সেদিকে সকলের মনোযোগ দেওয়া দরকার।
“কোন কোন সংস্কার হবে তা জনগণ ঠিক করবে। মওলানা ভাসানী শৈশব থেকে মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম এখনো চলছে। মওলানা ভাসানী আজীবন মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রামে আমরা লড়াই করে চলছি।”
এ সময় টাঙ্গাইল জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বিথীসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।