১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড

২০১৪ সালের ২৭ নভেম্বর রাতে মারপিটের এক পর্যায়ে ওই গৃহবধূকে হত্যা করা হয় বলে জানান পিপি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 05:54 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন দুইজন।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এম এম শাহজাহান মুকুল।

দণ্ড পাওয়া শুকুর আলী উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা আসান মল্লিকের ছেলে।

পিপি শাহজাহান মুকুল বলেন, ২০১৪ সালের ২৭ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে শুকুর আলীর বাড়ি থেকে লাইলি সুলতানা কুলসুমের (২২) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনা কুলসুমের বাবা উপজেলার পারদূর্গাপুর গ্রামের বাসিন্দা সামসুল জোয়ার্দ্দার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জানান তিনি।

মামলার অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে শুকুর আলী প্রায়ই কুলসুমকে মারপিট করতেন। ঘটনার দিন রাতে কুলসুমকে মারপিটের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

তদন্ত শেষে পুলিশ শুকুর আলী ও তার বাবা-মাকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহজাহান মুকুল।

১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শুকুর আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয় বলে জানান পিপি মুকুল।

তিনি বলেন, মামলার পর থেকে শুকুর আলী পলাতক আছেন। আসামি গ্রেপ্তার হওয়ার পর সাজা কার্যকর হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুকুর আলীর বাবা ও মাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।